সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর ব্রিজের নিচ থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষকের নাম খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৫)।
আজ (মঙ্গলবার) সকালে উপজেলার করতোয়া নদীর উপর নবনির্মিত গাড়াদহ সেতুর রেলিং থেকে অন্তত ১৫ হাত নিচে দড়িতে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলাম বাবুল উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে ও শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রোববার স্কুল ছুটি শেষে নজরুল ইসলাম বাবুল বাড়ী ফেরেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ (মঙ্গলবার) ভোরে তার বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়াদহ ব্রীজের রেলিং থেকে অন্তত ১৫ হাত নিচে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই গোলজার আরও বলেন, তার পকেটে পাওয়া একটি সুইসাইড নোটে ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এমবি





