বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংস্থাটির আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এই তাপপ্রবাহ পরিস্থিতি আপাতত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরপূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং তাপপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

এনএইচ