করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আগামী ০৫ আগস্ট পর্যন্ত ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। কঠোরতম এই বিধিনিষেধের দ্বিতীয় দিনে শনিবার (২৪ জুলাই) রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেন।

পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪১ গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে।

করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ০১ থেকে ০৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়। পরে ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়।

এরপরে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। আজ ছিলো দ্বিতীয় দিন।

এমবি