ভোলার চরফ্যাশন সংলগ্ন বঙ্গোপসাগরের পূবের চর সীমানায় ঝড়ের কবলে পড়ে জেলেদের মাছ ধরার তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রলারের সব জেলে উদ্ধার হলেও অপর দুই ট্রলারের ১৬ জেলে নিখোঁজ রয়েছে।
চরফ্যাশন ঢালচর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি নান্নু মাতাব্বর জানান, সন্ধ্যার পর ঝড়ে শাজাহান মাঝির ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় অন্য ট্রলারের মাঝিরা ওই ট্রলারের সব জেলেকে উদ্ধার করে। একই সময়ে হারুন মাঝি ও ইউসুফ মাঝির ট্রলার ডুবে যায়। এতে হারুনের ট্রলারের পাঁচজন ও ইউসুফের ট্রলারের ১১জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, সাগর এখন উত্তাল। এতে অধিকাংশ জেলে নৌকা নিয়ে তীরে ফিরে এলেও এখনও অনেক জেলে সাগরে রয়েছে। এতে দুর্ঘটনায় ট্রলার ডুবির আশঙ্কা রয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক বলেন, ট্রলার ডুবির খবর পুলিশকে কেউ এখনও জানায়নি, তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





