টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিয়েছে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন। যদিও ইজতেমায় নারীদের অংশ নেয়ার কোনো ব্যাবস্থা নেই।
আজ (১২ জানুয়ারি) রোববার ভোর থেকে ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ ও স্টেশন রোডের মাঝখানে অবস্থান নিয়েছেন নারীরা।
আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানালেন কয়েকজন নারী। বেলা ১১টার দিকে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কাপাসিয়া থেকে আগত এক মুসল্লি হোসেন বলেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে দোয়ার শরিক হতে আজ খুব ভোরে বাড়ি থেকে রওয়ানা দিয়ে সকাল ১০টার ইজতেমা এলাকায় স্টেশন রোডে এসেছি। জায়গা না থাকায় ময়দানে যেতে পারছি না। এখানে মাইক আছে তাই বয়ান শুনছি।
কয়েকজন মুসল্লি জানান, বিশাল এই জমায়েতে শরিক হয়ে আখেরি মোনাজাতে শরিক হতে আমারা ১০জন এসেছি। মোনাজাত শেষে বাড়ি ফিরবো।
মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।
কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।
৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে চারদিন পর আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





