ফেনীর পরশুরামে বিদ্যানিকেতন নামে একটি স্কুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সুবার বাজারে রোববার ভোরে এ ঘটনা ঘটে।
রোববার ভোর ৬টার দিকে বিদ্যানিকেতনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পরশুরাম ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্কুলটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় মো. হারুন ও ছুট্টু মিয়ার সাথে ওই জমিকে কেন্দ্র করে স্কুলের প্রতিষ্ঠাতার সাথে বিরোধ চলে আসছিল।
আগুনে এতে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষসহ সবকটি ক্লাস রুমের চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও অফিসের সকল আসবাবপত্র, বই ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
স্কুলের প্রতিষ্ঠাতা কাজী মো. ইউসুফ জানান, ২০১২ সালে প্রতিষ্ঠানটি নতুন ঘর নির্মাণ করে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ে দিয়েছে।
প্রধান শিক্ষক আবদুল বারেক জানান, স্কুলটিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু ছিল। অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, বই ও শ্রেণীকক্ষের সকল আববাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি জানান, এই মুহূর্তে নতুন ঘর নির্মাণ ছাড়া শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম জানান, সুবার বাজার এলাকায় একটি স্কুল আগুনে পুড়ে যাওয়ার কথা শুনেছেন।তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমবিএইচ





