নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় 'ডয়েস ল্যান্ড' নামে একটি রফতানিমুখী গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন পরিদর্শকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম জানান, ডয়েস ল্যান্ড কারখানার পিএম ইকবাল হোসেনকে মঙ্গলবার সকালে চাকরিচ্যুত করা হলে শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। বিকাল ৫টার দিকে শ্রমিকেরা কারখানার বাইরে বিক্ষোভ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, সংঘর্ষে শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করীমসহ দশজন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) ও লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, ঘটনাটি আমরা শুনেছি। মালিকপক্ষ এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিকেএমইএ ব্যবস্থা নিবে।
কেএইচ





