ট্রেনের শিডিউলে চরম বিপর্যয় ঘটেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে ছেড়েছে।
জানা গেছে, লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনেই পৌঁছেনি। ট্রেনটি ২টা ৪০ মিনিটে কমলাপুরে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা সাড়ে ১০টায় ছেড়েছে। সকাল ৬টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়েছে ৯টা ২০ মিনিটে।
সকাল ৬টার ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ছেড়েছে সাড়ে ৯টায় এবং রাজশাহীগামী ধুমকেতু সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে সকাল ৯টায়।
কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর গণমাধ্যমকে বলেন, যাত্রীদের ওঠানামায় বিভিন্ন স্টেশনে ট্রেন থামছে। এতে সময় বেশি বেশি লাগছে।
এদিকে, ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা শিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়ছেন।
জেএ





