কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মিজানুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে পুলিশের এসআই হোসাইনসহ উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের পুরাতন ইউপি ভবনের সামনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের সমর্থকরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের সাথে প্রথমে বাকতিন্ডা এবং পরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে চৌদ্দগ্রামে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
এমএ





