দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস খুনের ৭ দিনের মাথায় দৈনিক ‘রংপুর চিত্র’ অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সন্ত্রাসীরা পত্রিকাটির স্টাফ রিপোর্টার এস এম পিয়ালকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অপহরণের এক ঘণ্টা পর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে, সাংবাদিক উৎস হত্যাকারীদের গ্রেফতার ও দৈনিক পত্রিকা অফিসে হামলাসহ সাংবাদিক পিয়ালকে অপহরণের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রংপুর প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুরে কমরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কমরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার নগরীতে বিক্ষোভ ও ডিসি-এসপির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত দৈনিক রংপুর চিত্র কার্যালয়ে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে প্রবেশ করে এসএম পিয়ালকে বেদম মারধর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তার ওপর নির্যাতন চালান সন্ত্রাসীরা।

এ সংবাদের পর রংপুরে কমরত গণমাধ্যম কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিক পিয়ালকে আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আহত সাংবাদিক পিয়ালকে নগরীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর কোতোয়ালী থানার ওসি কাদের জিলানীর জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিয়ালকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এসএইচ