পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়ে চলায় চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসা হবে। তবে পরিস্থিতির কারণে তাদের একটু ধৈর্য ধরতে হবে।
ফেরত আসা শিক্ষার্থীদের আগের মতো ১৪দিন কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় দুই মন্ত্রী এসব কথা বলেন।
বর্তমানে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা ৩২০ শিক্ষার্থীকে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তারা।
ড. এ কে আবদুল মোমেন বলেন, অনেক লোক মারা যাচ্ছে, তাই কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য সুখবর হলো আমাদের দেশ এখনো নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরো কিছু বাঙালি সেখানে আছে, তারা যদি আসতে চায়, নিয়ে আসা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরতে হবে। মাথায় রাখতে হবে আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। তবে সহসাই তাদের নিয়ে আসা হবে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক বলেন, পরবর্তীতে চীন থেকে কাউকে আনা হলে আগের মতো তাদের কেউ ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে।
এমবি





