সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
বৈঠকে হুমায়ুন কবির জানান, বিএনপি-নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বাড়তে থাকা আগ্রহের কথা উল্লেখ করে প্রিন্স ফয়সাল বিন ফারহান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।
এ সময় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস