সাত ঘণ্টা পর চাঁদপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার দুপুর ১টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হলে বাস চলাচল শুরু হয়।

খোকন চৌকিদার নামে এক বাস চালককে মারধর করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর আগে বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।

বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটোয়ারি দুলাল জানান, আগামী তিন দিনে মধ্যে দোষীদের গ্রেফতার করার শর্তে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তবে তিনদিনে মধ্যে গ্রেফতার না করা হলে আবারো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।  

মঙ্গলবার রাতে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসের চালক খোকন বাস নিয়ে চাঁদপুর বাসস্ট্যান্ডে আসেন। এসময় রিয়েল পাটওয়ারি নামে এক চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করেন। খোকন চাঁদা দিতে রাজি না হওয়ায় রিয়েল তাকে জোর করে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পে নিয়ে যান।

রিয়েল এসময় খোকনকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর
হাসপাতালে ভর্তি করেন।

সকালে বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এ ঘটনার প্রতিবাদে ও এর সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন।

জেআই