আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে আনারস প্রতীক নিয়ে ৯৪ জনের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী জ্যোৎস্না বেগম।

তিনি উপজেলার ছাপরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ওই ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী নয়জন। আটজন পুরুষ প্রার্থীর সঙ্গে তিনি ভোটযুদ্ধে লড়বেন।

১৯৮৫ সালে জ্যোৎস্না বিয়ে করেন। স্বামী আবুবক্কর সিদ্দিকের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে।

বিয়ের পর ১৯৮৬ সালে সুন্দরগঞ্জের কিশামত হলদিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

তাঁর স্বামী আবুবক্কর সিদ্দিক গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৫৬ ভোটের ব্যবধানে তিনি হেরে যান।

২০১৫ সালের ৩ মার্চ আবুবক্কর সিদ্দিক মারা যান। প্রয়াত স্বামীর সুনাম কাজে লাগিয়ে এবার চেয়ারম্যান নির্বাচিত হতে চান জ্যোৎস্না বেগম।

জ্যোৎস্না বেগম বলেন, ‘আমার শ্বশুর আছরত উল্যাহ সরকার পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমি নির্বাচিত হলে শ্বশুরের সুনাম ধরে রাখব।’

জ্যোৎস্না বেগমের কোনো সন্তান নেই। তিনি বলেন, ‘আমার স্বামী-সন্তান কেউ নেই।বাকি জীবনটা এলাকার উন্নয়ন করে কাটাতে চাই।

এসটি