চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতা সন্দেহে দু’জনকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা। বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দু’জন হলেন, বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাশেদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলাউদ্দিন। তারা বিশ্ববিদ্যালয়ের হিল বোটন কলোনীতে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এলাকায় ঘোরাঘুরির সময় শিবিরের সন্দেহে দু’জনকে আটক করে ছাত্রলীগ কর্মীরা। এসময় তাদের কিল ঘুষি এবং লাথি মারতে থাকে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘বিকেলে দু’জন শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
এমই





