নিষদ্ধি ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুন নুরসহ ৫ জেমএবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিরাজগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা দুটি মামলার প্রত্যেকটিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জিআরপি পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জেএমবির প্রধান সমন্বয়কারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর জাইগীর গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে আব্দুন নূর (৩১), এহসার সদস্য ঠাকুরগাঁও জেলা সদরের গোবিন্দনগর মুন্সীর হাট গ্রামের আবু তালেবের ছেলে নুরুজ্জামান আরিফ (২৩), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুর ইসলাম ওরফে সাগর (১৮), জেএমবির গায়েরে এহসার সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বারো-রশিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (২৭) এবং পাবনা জেলা সদরের নাজিরপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ফারুক আহম্মেদকে (৩২) আমলী আদালতে-১ হাজির করা হয়। আদালত শুনানী শেষে দু'টি মামলার প্রত্যেকটিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ অক্টেবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন থেকে র্যাব ওই ৫ জেএমবি সদস্যকে আটক করে। এসময় কাছ থেকে ৪৯টি ডেটোনেটর, ৪৫ টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, এক বোতল মধু, ১৫৫ টি সার্কিট, বোমা তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমান জেহাদী বই উদ্ধার করা হয়। ৩১ অক্টোবর গভীর রাতে সিরাজগঞ্জ জিআরপি থানায় আসামীদের হাজির করে র্যাবের পক্ষ থেকে দু'টি মামলা করা হয়। র্যাব-১২'র অপরাধ দমন বিশেষ শাখার উপ-সহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে ৫ জনের নামে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে ২'টি মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হায়দার আলী জানান, আগামীকাল শুক্রবার যে কোন সময় আসামিদের জেলখানা থেকে রিমান্ডের জন্য থানা হেফাজতে আনা হবে।
জেআই





