বিএনপির আদালতের প্রতি অনাস্থা সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না।
এ দলটির জন্মই বেআইনি পন্থায়,সামরিক ছাউনিতে বসে। সেই দলের নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক। শুক্রবারে সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল তত্বাবধায়ক সরকারের সময়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল। মামলায় আদালত থেকে তাকে ৫০ থেকে ৬০ বার হাজিরার দিন ধার্য করে থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছিলেন।
এখন সে শেষ সময় এসে নিরূপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন। তিনি কখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, তাই জাতি তার কাছ থেকে আইনের প্রতি সহনশীল প্রত্যাশাও করে না।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ (এএসপি) সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।
সবুজ / মাহমুদ





