আমরা নির্বাচনি ইশতেহারে উল্লেখ করছিলাম সুষম পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা। আমরা খাদ্য ঘাটতি পূরণ করছি এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা বালে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালিত হবে। এরপর দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি।

এ বছর মৎস্য খাতে অবদানের জন্য আটটি স্বর্ণ ও নয়টি রৌপ্য পদক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নিজের পতিত জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে। কোনও একটা জায়গা যেন পড়ে না থাকে। এসব স্থানে মাছ চাষ করলে নিজে খেয়ে বিক্রিও করা যায়। আমরা খাদ্যে, শিক্ষায়, সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।

প্রধানমন্ত্রী সামনের কোরবানির ঈদের পরিচ্ছন্নতা বজার রাখার তাগিদ দিয়ে বলেন, কোরবানির জন্য যেন নির্দিষ্ট জায়গা থাকে। হাড়, চামড়া সব সংগ্রহ করে যেন কাজে লাগাতে পারি। কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা নেওয়া উচিত।

সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্য মেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিন দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

এসএম