ভান্ডারিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বরত প্রত্যবেক্ষকে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক মধ্যযুগীয় বর্বর কায়দায় লাঞ্চিত ও অপমানিত করার প্রতিবাদে ময়মনসিংহের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিসিএস শিক্ষা ক্যাডার সদস্যরা একযোগে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করে।
রোববার সকাল ১১ টায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, সরকারি মুমিনুন্নেসা কলেজ, ট্রিচার্স ট্রেনিং কলেজের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধনকালে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতির আঞ্চলিক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: জিয়াউল হক, কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আফছার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, যে সমস্ত ম্যাজিস্ট্রেট এমন কাজ করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন ঘোষণার জন্য বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানান বক্তারা।
পরে মানববন্ধনটি প্রতিবাদ মিছিল নিয়ে কলেজ থেকে বের হয়ে টাউন হল মোড় হয়ে মহিলা টিচার্স কলেজে জমায়েত হয়ে আবার আনন্দমোহন কলেজের সামনে গিয়ে শেষ হয়।
কেএইচ





