রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পেছনের একটি গাছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে লাশ উদ্ধার করা হয়। তাঁর গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত শিক্ষকের নাম রেজাউল করিম (৫৫)। উপজেলার সোনাদহ গ্রামে তাঁর বাড়ি। তিনি সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পল্লিচিকিৎসক হিসেবে কাজ করতেন। সোনাদহ বাজারে তাঁর একটি চিকিৎসালয় রয়েছে।
রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা বেগমের ভাষ্য, গতকাল সোমবার মাগরিবের আজানের সময় সোনাদহ বাজারে চিকিৎসালয়ে যাবেন—এ কথা বলে রেজাউল বাড়ি থেকে বের হন।
রেজাউলের চাচাতো ভাই মাহাবুবুর রহমানের জানান, স্থানীয় বাজারের লোকজন গতকাল সন্ধ্যায় রেজাউলকে ভ্যানে করে উপজেলার আড়ানী বাজারের দিকে যেতে দেখেছেন। আজ সকালে গাছের সঙ্গে শিক্ষকের লাশ ঝুলতে দেখে এক শিশু সবাইকে খবর দেয়।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, খবর পেয়ে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
এএইচ





