এক ছাত্রকে এলোপাথাড়ি চড় থাপ্পড় ও লাথি মারায় বিক্ষুব্ধ ছাত্রদের রোষানলে পড়েন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করে প্রধান শিক্ষককে উদ্ধার করে।
শনিবার দুপুর ১টার দিকে বগুড়া জিলা স্কুলে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে স্কুলের আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে ২০১৩ সালে পিএসসি, জেএসসি এবং এসএসসি পাশ করা ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।
অনুষ্ঠান চলাকালে নবম শ্রেণীর দিবা শাখার ছাত্র সেয়াইব হোসেন ভুল করে অতিথিদের প্রবেশ পথ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এসময় প্রধান শিক্ষক রজমান আলী ওই ছাত্রকে চুল ধরে প্রথমে চড় থাপ্পড় এবং লাথি মেরে বাইরে নিয়ে আসেন। সেখানে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন।
এদৃশ্য দেখে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছাত্ররা হৈচৈ শুরু করে এবং প্রধান শিক্ষককে অডিটোরিয়ামে অবরুদ্ধ করে রাখে। এতে অনুষ্ঠানে আগত অতিথিরাও বিব্রত বোধ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে প্রধান শিক্ষকের কক্ষে চলে যান।
পরে ছাত্ররা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্রদের স্কুল ত্যাগ করার নির্দেশ দিয়ে পরিস্থিতি শান্ত করে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে তার কক্ষে নিয়ে যায়।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রসঙ্গে প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘ওই ছাত্র অনুষ্ঠানস্থলে অশালীন আচরণ করায় তাকে বের করে দেয়া হয়েছে।’
তবে তাকে মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রের মাথায় চুল বড় থাকায় দুই একটা চড় থাপ্পড় দেয়া হয়েছে।
জেআই





