ফেনীর দেবীপুর এলাকায় বাসের ধাক্কায় জুয়েল (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা গামী ইউনিক সার্ভিসের একটি বাস ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রাইম সিএনজি স্টেশন এলাকায় জুয়েলকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল ফেনী সদর উপজেলার লক্ষীয়ারা গ্রামের প্রতিবন্ধি আনোয়ার হোসেনের ছেলে। সে লক্ষীয়ারা ইসলামী সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ত।
বৃহস্পতিবার সে ফেনী শহর থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পিছন থেকে বাসের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষীয়ারা ইসলামী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক বেলাল হোসেন জানান, গরীব ও প্রতিবন্ধি চা দোকানদারের একমাত্র ছেলে জুয়েল। তার মৃত্যুতে মাদ্রসায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমকে





