শনিবার সচিবালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, এসডিজি বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে বিশ্বাসী। কিন্তু রোহিঙ্গা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম চললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন।
জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেজনাইক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, এত বিপুল সংখ্যক শরণার্থীর চাপ দীর্ঘসময় এককভাবে বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি মনোযোগ ও সমর্থন প্রয়োজন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমএম