খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ওপর আওয়ামী লীগের প্রার্থী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম জনি খান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ শনিবার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাইনতলা বাজারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলামের অফিসে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিলন গোলদারের হাতাহাতি হয়। এ সময় বিএনপির প্রার্থী আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

তবে বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি আমীর এজাজ খান জানান, বিএনপির চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম জনি নিজ অফিসে বসে কাজ করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল বহর নিয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় জনিসহ আহত পাঁচজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে আরও ১০-১২ জন ভর্তি হয়েছেন।

তিনি অভিযোগ করেন, হামলার সময় বাজারে পুলিশ থাকলেও তারা নীরবে দাঁড়িয়ে ছিল। আহত বিএনপির চেয়ারম্যান প্রার্থীর মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আহত বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে দেখতে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।

এমই