উত্তর ও দক্ষিণবঙ্গসহ সারাদেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

গত ২১ মে থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার বিষয়ে বিকেল থেকে সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠক চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

বৈঠকে পরিবহন শ্রমিক, মালিক এবং সরকারের প্রতিনিধি ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের মালিক ও পরিবহন শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের ভারপ্রাপ্ত আইজি জাভেদ পাটোয়ারী, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘটনা তদন্তে কমিটি
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবহন মালিকদের যৌক্তিক দাবিতে আলোচনা হয়েছে। ছয়টি দাবি ছিল তাদের। মধুখালীতে বাস ডাকাতির ঘটনার তদন্ত, গ্রেফতারকৃত চালক ও পরিবহন শ্রমিকদের আইননুযায়ী জামিন দেওয়া, মধুখালীতে ১০টি ডাকাতির ঘটনায় ব্যবস্থা নেওয়া, তিতুমীর কলেজসহ বিভিন্ন জায়গায় শ্রমিকদের লাঞ্ছিত করার বিচার করা।

‘এসব দাবির পরিপ্রেক্ষিতে মধুখালীর ঘটনায় আরও সুষ্ঠু তদন্তের জন্য একজন যুগ্ম-সচিব এবং একজন অতিরিক্ত ডিআইজির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুইজন মনে করলে আরও সদস্য রাখতে পারেন কমিটিতে। আর ঘটনা সুষ্ঠু তদন্তে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালিক ভাইয়েরা বলছেন তাদের কেউ জড়িত নয়, এ বিষয়টি সিআইডি তদন্ত করবে। এসব বিষয় নৌ-মন্ত্রী সার্বিক তদারকি করবেন।

মালিক-শ্রমিকদের পক্ষে বৈঠকের পর বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন বলে জানান আসাদুজ্জামান।

সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের বাস ডাকাতির ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকদের ওপর হামলার অভিযোগে গত ২১ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো।

এএইচ