আজ ১৪ ডিসেম্বর । বিজয়ের বাকি দুই দিন । ১৯৭১ সালের আজকের এই দিনে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠের ৪৫তম শাহাদাত বার্ষিকী।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর এলাকার রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভ ও শহীদের সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ অর্পণ করা হয়।
এ সময় উজস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ও ক্যাপ্টেন জাহাঙ্গীরের ভাগ্নে নাজমুল ইসলাম। পরে কবর জিয়ারত, কোরআনখানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
১৯৭১ সালে ১৪ ডিসেম্বর মহানন্দা নদীর তীরে রেহাইচর গ্রামে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।
নাজিব





