কুমিল্লায় এক মেডিক্যাল কলেজ ছাত্রীকে স্বামীর বাড়িতে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১০টার দিকেজেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নিহত উম্মে আয়মান স্বর্ণা (২০) কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং একই গ্রামের ডা. এমএ খালেকের মেয়ে।

নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, প্রায় এক বছর আগে তাদের অমতে স্বর্ণা শশীদল গ্রামের নান্নু মিয়ার ছেলে ইমনকে (২৬) নিজ পছন্দে বিয়ে করে। এ কারণে তারা অভিমান করে স্বর্ণার খোঁজ-খবর কম রাখতেন।

শুক্রবার সন্ধ্যায় তারা জানতে পারেন স্বর্ণাকে গলাটিপে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্বর্ণার মৃতদেহ দেখতে পান। এ সময় শ্বশুরবাড়ির লোকজন পলাতক ছিল।

ঘটনাস্থলে যাওয়া ব্রাহ্মণপাড়া থানার এসআই ফরহাদ হোসেন জানান, স্বর্ণার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।

কেএইচ