কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইসহ একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ খায়রুজ্জামান জানান।
এরা হলো ওই এলাকার আব্দুস ছমদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৩) ও মোহাম্মদ তুহিন (৮) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে তাজমীর আহমেদ মনি (১১)।
এসআই খায়রুজ্জামান জানান, সকালে এ ঘটনায় আরও দুই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এরা হলো একই এলাকার আব্দুস ছমদের আরেক ছেলে আব্দুল আজিজ (১০) এবং আব্দুস সালামের ছেলে মোহাম্মদ তারেক (১৩)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই বলেন, সকালে একই পরিবারের পাঁচ শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।
একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাদের পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে তিন শিশুর লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে এসআই খায়রুজ্জামান জানান।
জেড





