মোহন পাটোয়ারী নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

মোহন একই এলাকার হোসেন আহমদ পাটোয়ারীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের স্ত্রী অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলের পাশের বাড়ির হারুন হোসেন ও তার (হারুনের) স্ত্রী রানী বেগমকে সন্দেহজনক আটক করেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে মোহন পাটোয়ারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে।

জেএ