ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল হত্যার ঘটনায় ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা।

গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবির আহম্মেদ সাহাবুল, ছাত্রলীগ নেতা বিল্পব ও রাফসানকে আসামি করে মঙ্গলবার দিবাগত রাতে গফরগাঁও থানায় তিনি মামলাটি করেন।

গফরগাঁও থানার ওসি(তদন্ত) খলিলুর রহমান জানান, মামলার বাদী হয়েছেন নিহত ছাত্রদল নেতা কমলের মা নূরুন নাহার বেগম। তিনি বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল গত রোববার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ে পৌর ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা আবির আহম্মেদ সাহাবুলের নেতৃত্বে অস্ত্রধারী কর্মীরা তার উপর হামলা চালায়।

এ সময় ছাত্রদল নেতা কমল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া করে মেক্সি স্ট্যান্ড এলাকায় ঘিরে ফেলে।

পরে কমলকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ছাত্রলীগ কর্মীরা।

স্থানীয়রা উদ্ধার করে ছাত্রদল নেতা কমলকে প্রথমে গফরগাঁও এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২টার দিকে তিনি মারা যান।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ