বাংলাদেশের ঋতু পরিক্রমার চিরায়ত নিয়মের পরিবর্তন হচ্ছে বেশ দ্রুত। আষাঢ়-শ্রাবণ ২মাস বর্ষাকাল হলেও ভরা বর্ষা মৌসুমেও পানি নেই পদ্মায়। পঞ্জিকার হিসেব মতে, এখন পদ্মায় পানি থৈ-থৈ করার কথা ছিলো। কিন্তু এখনো পদ্মা যৌবন পায় নি।
পদ্মায় পানি না থাকায় শাখা নদীগুলোতেও নেই পর্যাপ্ত পানি। তবে এর মধ্যেও এবার পদ্মার তীরবর্তী অঞ্চলের মানুষদের জন্য বন্যার আশঙ্কা খুব বেশি নেই বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে, গত ৮ জুলাই রাজশাহীর বোয়ালিয়ার রামপুর পয়েন্টে পানির প্রবাহ ছিলো ১২ দশমিক ৯৫ মিটার।
আর গেল বছরের এইদিনে (৮ জুলাই) পদ্মায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৬ দশমিক ২২মিটার। প্রাপ্ত তথ্যমতে, বর্ষা মওসুমে বিগত ১৩ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পানি রয়েছে পদ্মায়। ওই পয়েন্টে পদ্মার বিপদসীমা ১৮ দশমিক ৫০মিটার।
এদিকে, ভরা মৌসুমে পদ্মায় পর্যাপ্ত পানি না থাকায় এই অঞ্চলে পদ্মার শাখা নদী ও খালগুলোও পানি পাচ্ছে না। ফলে বড়াল, মাথাভাঙ্গা, গড়াই, মুসা খা ও নারদ নদীতেও আশানুরূপ পানি নেই। পদ্মায় পানি না থাকায় হাজার হাজার জেলে বেকার সময় কাটাচ্ছেন।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, পদ্মায় পানি না থাকায় এ অঞ্চলের অন্তত ৫হাজার জেলে বর্তমানে বেকার হয়েছেন। তারা অনেকেই পেশা পরিবর্তন করে জীবিকা নির্বাহ করছেন।
রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় পদ্মা মাছ ধরতে আসা আলতাফ হোসেন জানালেন, পদ্মায় এখন পানিও নাই, মাছ নাই। আগে বড়বড় ইলিশসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত। আর এখন কিছু ছোট মাছ পাওয়া যায়। ফলে মাছ শিকারের আশায় এখন কেউ আর পদ্মায় জাল নিয়ে আসে না।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বাংলাদেশে অংশে পদ্মার মাত্র ১০ভাগ রয়েছে। বাকি ৯০ভাগই ভারত ও নেপালে মধ্যে। কাজেই ভারতের উত্তর প্রদেশগুলোতে বা নেপালে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে পদ্মায় পানি বাড়ে।
রাজশাহীতে গত বছর এই সময় বৃষ্টিপাত হয়েছিল ১৩৪মিলিমিটার। আর এবার হয়েছে ১৮৫মিলি মিটার। আমাদের এখানে বৃষ্টিপাত বাড়লেও ভারতে হয়তো বাড়েনি। তাই পদ্মাতেও পানি অন্যান্য বছরের তুলনায় এবছর এখন পর্যন্ত কম।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর





