খাগড়াছড়ি জেলা সদরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সোমবার ৫ ফেব্রুয়ারি রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএনপি ও ছাত্রদলের তিনজন, মানিকছড়িতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১১জন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. নবীসহ ৪ জন, পানছড়ি উপজেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আওলাদসহ ৪জন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের মো. ওসমান গনিসহ ৫জন, এছাড়া লক্ষ্মীছড়িতে ২জন, মাটিরাঙায় একজন রামগড় একজন ও গুইমারায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিসহ ৩২ বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া এখনো অভিযান অব্যাহত থাকায় গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, গ্রেফতারী পরোয়ানা ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বাড়ী-ঘরে তল্লাশি ও গণগ্রেফতার চালানো হচ্ছে।

তিনি এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

এমআর