রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে মীরবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। কর্মসূচিতে উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ব্যাংক কর্মকর্তা ফজলে এলাহী, মীরবাগ বাজার কমিটির সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক লুলু মিয়া, আবুল বাশার প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে রংপুর- কুড়িগ্রাম সড়কের মীরবাগ বাসস্ট্যান্ড মোড় এলাকায় প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।
এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মামুন মিয়া আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। গত শনিবার রাতে মীরবাগ বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী নজরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





