শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কি না। জবাবে মীর শাহে আলম বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে কেউ সুযোগ পেতে পারে। তবে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। তাই এ দলকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিব্রত বোধ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। একইভাবে দলটির সভা, সমাবেশ, মিছিল কিংবা দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও নেই।
মীর শাহে আলমের ভাষ্য, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ দলটি কিংবা এর অঙ্গসংগঠনগুলোর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এস
