চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণিকে (২৭) আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন।

শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে তাকে আটক করেন নির্বাচনে দায়িত্বরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, রণিকে আটকের পর হাটহাজারী থানায় নেয়া হয়েছে।

ওসি জানান, মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রণিকে আটক করা হয়। তার কাছে অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নূরুল আজিম রণি রাজনীতিতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

রণি বেলা ১২টার দিকেও তার ফেসবুক অ্যাকাউণ্টে মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো.নূরুল আবছারের সমর্থনে প্রচার চালিয়েছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছেনা।

রণির অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, রণি ভাইয়ের সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে কিছুক্ষণ আগেও আমি তার সঙ্গে কথা বলেছি। আটক-গ্রেফতারের বিষয়ে আমার কিছু জানা নেই।

এমই