লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ এক বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত ছাড়াও ৪ হাজারের বেশি লোক আহত হয়েছে। বহু ঘরবাড়ি ও গাড়ি বিধ্বস্ত হয়েছে। এই বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হয়েছে, খবর বিবিসি।

মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যায় লেবাননের বৈরুতে হওয়া বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।

মামুন জানান, “এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তিনি এখানে বৈধভাবে ছিলেন এবং একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।”

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান সেখানে আরো বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ১৯জন সদস্য আহত হয়েছেন।

এমবি