ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী জুনের মধ্যে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারের কাছে ৪৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি।
রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থবিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদকে ইসি সচিব সিরাজুল ইসলাম চলতি অর্থবছরে ডিসিসি নির্বাচনের জন্য অতিরিক্ত ৪৫ কোটি টাকা সংস্থান রাখার অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন।
আগামী জুলাই মাস থেকে সরকারের নতুন অর্থবছর শুরু হবে। এর আগে বরাদ্দ চাওয়ার মানে জুনেই আগেই এই নির্বাচন করতে চায় ইসি।
ইসি সচিব অর্থবিভাগের সচিবকে চিঠিতে লিখেছেন, ‘সরকার সীমানা নির্ধারণ জটিলতা নিরসন করলে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’
এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে সীমানা নির্ধারণ জটিলতা শেষ হবে। সেক্ষেত্রে ভোট অনুষ্ঠানের সব প্রস্তুতি রাখা হবে।
সচিব আরও বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকাসহ পুরো দেশের হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কথা। যদি তা হয় তাহলে আমরা দুই মাসের মধ্যে নির্বাচন দিতে পারবো।
জেএ





