বরিশালে সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় সরকারি বরিশাল কলেজের সামনের সড়কে এ অপহরণের ঘটনা ঘটে।

ঘটনার পর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপহরণের শিকার ছাত্রীর পরিবার দাবি করেছে, পিরোজপুর সদর উপজেলার পালপাড়া গ্রামের আসাদুজ্জামান মানিকের ছেলে শাহ নেওয়াজ জামান প্রিন্স (২৭) তাকে অপহরণ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর পৌনে ২টার দিকে পরীক্ষা শেষে সরকারি বরিশাল কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রিন্সের নেতৃত্বে তিন চারজন যুবক ওই ছাত্রীকে টেনে হেঁচড়ে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যান।

ছাত্রীর সঙ্গে থাকা তার খালু মো. শাজাহান মিয়া বলেছেন,'পরীক্ষা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য একটি রিকশা ভাড়া করছিলাম। এ সময় তার ডাক চিৎকার শুনে এগিয়ে গেলে দেখতে পাই, প্রিন্সসহ তিন চারজনে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যান। পরবর্তীতে ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি আরও জানান, ২০১০ সালে প্রিন্সের সঙ্গে তার সামাজিকভাবে বিয়ে হয়। কিন্তু ওই ছেলের চরিত্র খারাপ থাকায় গত মার্চ মাসে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন।

তার নিরাপত্তার জন্য কলেজ হোস্টেল কিংবা মেসে না রেখে নগরীর ভিআইপি গেট কলোনিতে খালুর বাসায় থেকে পড়াশোনা করতেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধারের সব প্রকার চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য গৌরনদী হাইওয়ে থানার পুলিশসহ জেলার সব থানা ও পুলিশ ফাঁড়িতে তথ্য পাঠানো হয়েছে।

এছাড়া তাকে উদ্ধারের জন্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। লিখিত অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর