ফেসবুকে দায়িত্বশীল পোস্ট দেয়া ও সতর্কতার সঙ্গে তা ব্যবহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যেকোনো কিছু ঘটলে তা আগে যাছাই করে নিন। যারাই গুজব রটাচ্ছে, তাদের ধরা হচ্ছে।’

আজ রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের আয়োজনে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে গতকাল শনিবার পুকুরে ফেলে দেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। ইতিমধ্যেই ২২ জনকে আটক করা হয়েছে। এ ঘৃণিত অপরাধের জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নির্ভুল চার্জশিট দেব যাতে জড়িত আসামিরা কেউই রেহাই না পায়। আবার নিরপরাধ ব্যক্তিরাও হয়রানির শিকার না হন। এ জন্যই একটু সময় লাগছে। তবে খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনায় এখনো অভিযোগপত্র জমা না দেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাব এ ঘটনার দতন্ত করছে। আমি যতটুকু জানি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আদালতে জমা দেবে র‍্যাব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবের ক্যাসিনো খেলার একটি ভিডিও আমরা দেখেছি। তিনি (পাপন) সম্ভবত বিদেশের কোনো একটি ক্যাসিনোতে খেলেছিলেন। দেশের ক্যাসিনোতে খেলেছেন বলে মনে হয় না।

সুশাসন প্রতিষ্ঠায় অভিযান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সুনির্দিষ্ট তথ্য ছাড়া কারো বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না। সুশাসন প্রতিষ্ঠায় এ অভিযান অব্যহত থাকবে।

এএস