কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ফুলমতি গ্রাম থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে না পারলেও আসামি সনাক্ত করে সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম ফুলমতি গ্রামের কাঞ্চিয়ারকুটি মসজিদ মোড়ে ভারতীয় গাঁজা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ‍পাচারকারীরা ৩০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, গাঁজা বহনকারীকে সনাক্ত করা গেছে। বহনকারী পলাতক সাইফুর রহমান (৪০) পশ্চিম ফুলমতি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে পলাতক সাইফুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ