রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে ঢাকা মহানগর ডিবির উত্তর বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে। তারা হলেন, ইসরাফিল, বাবু ও মিজানুর রহমান।

ডিবি (উত্তর) সহকারী পুলিশ কমিশনার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তরিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘটনার দিন তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় নর্থ টাওয়ারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ তিনজনের নামে উত্তরা পশ্চিম থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এমকে