রাজবাড়ীতে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এসময় লাঠিচার্জে ১০ জন আহত এবং ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

রাজবাড়ী পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্লেট বন্ধ করার প্রতিবাদে তারা এ মিছিল সমাবেশ করে। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনছের আলী জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে সমাবেশ করে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এতে জেলার প্রায় দুই হাজার রিকশাচালক অংশ নেন।

মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয় শ্রমিকরা। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি দেন। পরে তারা রাজবাড়ী পৌর ভবনে মিছিল নিয়ে সমবেত হয়। এ সময় তারা প্রধান সড়কে চলাচলরত কয়েকটি ইজিবাইক (থ্রী হুইলার) প্রাইভেটকার ও রিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। এ সময় ১০ জন আহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ