রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ।

শুক্রবার সকালে ইমরান ও রিয়াজ নামে এ দু'জনকে আটক করা হয়।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে সুন্দরবন প্রভাতী এক্সপ্রেসের ট্রেন থেকে নামার পর স্টেশনে ইমরানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে, সিলেট থেকে উপবন এক্সপ্রেসের ট্রেনে করে কমলাপুরে আসেন রিয়াজ। স্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরা করায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

কেএইচ