টঙ্গীর তুরাগতীরের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১২ জানুয়ারি) রোববার বেলা সোয়া ১১টার দিকে এই আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৪০ মিনিট চলা এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন তার অনুসারীসহ দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি। মোনাজাতে ইহকালে শান্তি, পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের, আবদুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
এর আগে রোববার বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।
৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে চারদিন পর আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





