ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ (১৮ আগস্ট) বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ময়মনসিংহের, নেত্রকোনা ও জামালপুরের একজন করে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন। এছাড়া নেত্রকোনা ও সুনামগঞ্জের একজন করে।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০৪ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় ১ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০১ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
এমবি





