রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণে সাংবাদিকসহ মোট ৪ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা থানাধীন মগবাজার মোড়ে রাস্তার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে।
দগ্ধ দুই সাংবাদিক হলেন- জাগো নিউজ-এর বিশেষ প্রতিনিধি ফজলুল হক শাওন (৫৫) ও এসএ টিভির নিউজ এডিটর মোস্তফা মনোয়ার সুজন (৪৫)। দগ্ধ দুই জনই ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক লিজা গণমাধ্যমকে জানান, দু’জনেরই মুখসহ হাত আগুনে ঝলসে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ সাংবাদিক শাওন জানান, মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে একটি বন্ধুর দোকানে অবস্থানকালে হঠাৎই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতেই তারা দগ্ধ হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে রাস্তার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে ফুটপাতের ফল বিক্রেতাসহ মোট চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আর আহত ফল বিক্রেতাসহ তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেড





