কুমিল্লায় ৪টি পেট্রোলবোমাসহ শাহনাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূকে আটক করেছে বলে পুলিশ দাবি করেছে। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ-ফুলতলী সড়ক থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক শাহনাজ বেগম দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শাহজাহান সরকারের স্ত্রী।
পুলিশ দাবি করেছে, শাহনাজ বেগমকে পেট্রোলবোমাগুলো কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের কালিকাপুর বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তদন্তের স্বার্থে শাহনাজকে পেট্রোলবোমাগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া ব্যক্তির নাম জানায়নি পুলিশ।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ-ফুলতলী সড়কে অভিযান চালিয়ে ৪টি পেট্রোলবোমাসহ শাহনাজ বেগমকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এএইচ





