উত্তরা পশ্চিম এলাকার গাউসুল আজম এভিনিউয়ে ট্রাক চাপায় আবুল কাশেম (৪৬) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়। তার বাবার নাম হেলাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ এলাকা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন কাশেম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার রেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হজরত আলী কাশেমের লাশ উদ্ধার করেন।
ময়না তদন্তের জন্য আবুল কাশেমের লাশ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]