মাদারীপুরের ফার্মেসি মালিকরা অনির্দিষ্টকালের জন্য শুক্রবার দুপুর থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন।

নতুন শহর নিরাময় হাসপাতালের সামনে মীম ড্রাগ হাউজে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিকাল ৪টায় শহরে মাইকিং করে সকল ওষুধের দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুমন কাজী নামে এক যুবক মীম ড্রাগ হাউজের সামনে তার মোটরসাইকেল রাখেন। মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মীম ড্রাগ হাউজের মালিক বাতেন হাওলাদারের সঙ্গে সুমন কাজীর কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে সুমন এলাকায় গিয়ে দুপুর ১২টার দিকে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক লোক নিয়ে মীম ড্রাগ হাউজসহ আশপাশের ৪-৫টি ওষুধের দোকানে হামলা চালায়।

ওই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি ধর্মঘটের ডাক দেয়া হয়। ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ায় শত শত রোগী ওষুধ সঙ্কটে পড়েছেন।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ওষুধ মালিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলাপ চলছে। শিগগিরই ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হবে।

এদিকে মাদারীপুর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার জানান, ওই হামলার উপযুক্ত বিচার ও ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ