ভোলায় ইলিশা ফেরিঘাটে সড়ক ভেঙে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইলিশা ফেরিঘাটের ইনচার্জ আবু আলম।
ইলিশা ফেরিঘাট সড়কের ৩০০ মিটার ভেঙে যাওয়ায় সোমবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে ভোলার সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় আকবর হোসেন জানান, মেঘনা নদীর তীব্র ভাঙনের ফলে সোমবার ভোর থেকে এখানকার দোকানপাট, ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
ইলিশা ফেরিঘাটের ইনচার্জ আবু আলম জানান, ভোর থেকে সড়কটির ভাঙনের ফলে ঘাটটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ছুটিতে আসা সাধারণ মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, ‘মেঘনা নদীতে তীব্র স্রোতের কারণে ভোলা-লক্ষ্মীপুর সড়কটি বিলীন হয়েছে। ভাঙন ঠেকানোর জন্য আজকালের মধ্যে কাজ করা হবে।’
এএইচ





